থেকে যাবো এ বাংলায়
থেকে যাবো এ বাংলায়
মোঃ মাজহারুল ইসলাম
তোমরা যদি চলে যাও একদিন
কংক্রিটের শহরে, ধুলোমাখা ভিড়ের ভেতরে,
যদি ছেড়ে যাও এ গ্রামের মাটি,
পাকা ধানের গন্ধমাখা এ মাঠ
যদি মনে না থাকে ভোরের পাখির ডাক,
নলখাগড়ার আড়ালে দোয়েলের একলা শিস,
শালিকের ঝগড়া, শিশিরে ভেজা আলপথ
যদি ভুলে যাও তিস্তার বৈরালির স্বাদ,
সেই নদীর বুকে কুয়াশার চর
আমি তবু থেকে যাবো।
সেই ঘোলা জলে ভাটির যে টান,
চরের বালিতে যে পায়ের ছাপ পড়েছে
সেই মাটি আমায় ডাকে, সেই জল টানে,
আমি তবু থেকে যাবো।
যেখানে ভাওয়াইয়া গান বাতাসে ভাসে,
ভোরের আজান ওঠে শিশিরের ভেতর দিয়ে,
যেখানে রাতভর আকাশ তারা আগলে রাখে
আমি থেকে যাবো এ বাংলায়,
এই মাটিতেই শেষ নিঃশ্বাস রেখে যাবো।
লেখক: মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ বগুড়া
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
