বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

গ্রীষ্মে প্রকৃতির রংতুলির আঁচড়ে অপরূপা কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

Author

আল মাসুম হোসেন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ মে ২০২৫ পাঠ: ৩০ বার

গ্রীষ্মে প্রকৃতির রংতুলির আঁচড়ে অপরূপা কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা শহর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে কোটবাড়ির সালমানপুরে ছোটবড়ো লালমাটির পাহাড়ের কোলে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি), যেখানে প্রকৃতির রংতুলির আঁচড়ে ছবি একেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। প্রতিটি ঋতুই এখানে মেলে ধরে তার নিজস্ব সৌন্দর্য, ছড়ায় মুগ্ধতা, তৈরি করে মোহনীয় আবেশ। বৈশাখ মাসে গ্রীষ্মের আগমনীতে এখানের পরিবেশ যেন বেশিই সক্রিয় তার রুপে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মন ভোলাতে। বসন্ত শেষে বৈশাখের আগমনে তাপমাত্রা বেড়ে গরমে অতিষ্ঠ জনজীবন, সেখানে প্রকৃতির খামখেয়ালীতায় কুবিতে তখন ফুল ও ফলের গন্ধ, বিভিন্ন রঙের বাহারি পসরা সাজিয়ে সৃষ্টি করে অদৃশ্য মায়াজাল। এই মায়জাল ছিন্ন করে তার সাধ্যি আছে কার?

 

গ্রীষ্মকালে যেকোনো সময়ে ক্যাম্পাসে পা রাখতেই বিশ্ববিদ্যালয়ের নাম খচিত ফটকের সামনেই অভ্যর্থনা জানায় গোলাপি-সাদা রঙের ক্যাসিয়া জাভানিকা।এই ফুলের বাংলা নাম হলো সোনাইল, নামকরণ করেন অধ্যাপক দ্বিজেন শর্মা। এই ফুল উন্নতি ও সৌভাগ্যের প্রতীক। অভ্যর্থনা শেষে চোখে পড়ে বাঙালির চেতনার প্রতীকি লালরঙা কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া গাছের লাল রক্তিম ফুল প্রকৃতির সব রঙকে ফিকে করে দেয়। সকালে গাছের নিচে কৃষ্ণচূড়ার ঝরে পড়া রক্ত লাল পাপড়ি যেন লাল গালিচায় সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় অনুরাগীদের। ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদ, কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদসহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে শহীদ মিনারের পুরো সড়ক কৃষ্ণচূড়া ফুলের দ্যুতিময়তা নজর কাড়ে গ্রীষ্ম ঋতুতে।মুক্তমঞ্চ থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত রোডটি যেনো বেগুনি জারুল ফুলের পসরা।প্রচন্ড রোদে এর ছায়া পথিকের জন্য বেগুনি সবুজ ছাতার ব্যাবস্থা করে।তবে কুবিকে কৃষ্ণচূড়ার রাজ্য বলে আখ্যায়িত করলে ভুল হয় না। ক্যাফেটেরিয়া থেকে শহীদ মিনারের রাস্তা পুরোটাই কৃষ্ণচূড়া ফুলে সুসজ্জিত থাকে। এসময়ে মনে হয় তরুনীর চুলের কেশে লাল ফিতে বাঁধা যা সর্বদা দুল্যমান। তাইতো শিক্ষার্থীরা ভালোবেসে নাম দিয়েছে কৃষ্ণচূড়া রোড। এছাড়াও থোকাথোকা সোনালু ফুলের মাল্য খুজে পাওয়া যায় অনেক জায়গায়। এই সময় ক্যাম্পাসের যেদিকে তাকানো যায় চারদিকে হলুদ,সাদা,বেগুনি, লাল ইত্যাদি বাহারি রঙের ফুল মন ছুয়ে যায়।

 

প্রতি ঋতুতেই অনেকরকমের ফুল ফোটে কিন্তু গ্রীষ্ম আসলেই প্রকৃতি দু-হাত ভরে ঢেলে দেয় তার রূপ ও সৌন্দর্যে।কৃষ্ণচূড়া গাছের রক্তরাঙা ছায়া, জারুলের বেগুনি দীপ্তমূর্তি, ঝাকড়া চুলের মতো সোনালুর ঝাড়, সোনাইলের গোলাপি আভা, শিমুলের সাদা শুভ্রতা মিলেমিশে তৈরি করে চিত্রশিল্পীর তুলির আঁচড়ে তৈরি প্রাকৃতিক ক্যানভাস।

বসন্তের পরে গ্রীষ্ম মানেই কৃষ্ণচূড়ার ঋতু,এটাই কুবির সবচেয়ে রঙিন সময়। কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলা,আড্ডা দেওয়া, গানের আসর কিংবা একাকী বসে কবিতা লেখা, এসব যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবহমান ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।তাছাড়াও গ্রীষ্মকালে পাকা কাঁঠাল ও আমের গন্ধে মোঁ মোঁ করে এখানকার চারিদিকের পরিবেশ।

 

ফার্মেসি বিভাগে অধ্যয়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াবিদ আল ইজাজ বলেন,”প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সবুজে ঘেরা পাহাড়ি টিলার কোলে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিস্তৃত বৃক্ষরাজি, ছায়াময় পথ এবং মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া রোড যেন প্রকৃতির এক অনন্য উপহার। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে ক্যাম্পাসে বেগুনি লাল ফুলের ডালে পাখির কিচিরমিচির, শীতল হাওয়া, খোলা আকাশের নিচে পড়াশোনার পরিবেশ শিক্ষক ও শিক্ষার্থীদের মনকে প্রশান্ত করে।বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক ভবন, গ্রন্থাগার, প্রশাসনিক দপ্তর ও ছাত্রী-ছাত্রাবাসের চারপাশের জারুল কৃষ্ণচূড়া,সোনালু ফুল সৌন্দর্যবোধ ও গঠনশৈলীর পরিচায়ক। সন্ধ্যায় ক্যাম্পাসে ল্যাম্পপোস্টের আলোর ফুল থেকে বিকিরিত আভা গড়ে তোলে মোহময় পরিবেশ। শান্ত, নিরিবিলি ও মনোরম এ ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন প্রকৃতির মাঝে জ্ঞান অন্বেষণের এক আদর্শ পরিবেশে বেড়ে ওঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষায় নয়, সৌন্দর্যেও অনন্য।”

 

বাংলা বিভাগে অধ্যয়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিয়া আফরিন শোভা বলেন, “ভোরের আলো ছুঁয়ে গেলে ফুলেরা যেন প্রথম কথা বলে। সকালে মৃদু হাওয়ায় ভেজা পাপড়িগুলো কাঁপে বাতাসের আদরে। জিনিয়া, গাধা,গোলাপ, কৃষ্ণচূড়া যেন ক্যাম্পাসকে নতুন রূপে উপহার দিয়েছে। পাহাড়তলি রোড থেকে কৃষ্ণচূড়া রোডের দিকে তাকালেই মনে হয় যেন কোন এক ফুলের রাজ্যে হারিয়ে গেছি। মৃদু বাতাসে ফুলের গন্ধ যেন চারদিকে মুগ্ধ করে রেখেছে৷ সবুজপাতার ফাঁকে ফাঁকে লাল কৃষ্ণচূড়া ফুল যেন কথা বলে। পিএ চত্বরে মন খারাপের কোন এক দুপুরে একাকী হাঁটলে মনে হয় ফুটে থাকা জারুল ফুল যেন সঙ্গী হয়ে উঠেছে। ক্লাসের শেষে পরন্ত বিকেলে ক্লান্ত মুখে যখন ফুলের দিকে তাকাই তখন ফুল যেন বলে উঠে ” তুমি যতটা ক্লান্ত হও না কেন, সৌন্দর্য এখনো বেঁচে আছে – ঠিক তোমার চারপাশে “।

 

আল মাসুম হোসেন

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখা।

01936725911

masumalhasan210@gmail.com

লেখক: সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ মে ২০২৫ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!