কুকসু নির্বাচন সময়ের দাবি

কুকসু নির্বাচন সময়ের দাবি
দীর্ঘ দিন ধরে অগণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলো। যারই ফলাফল হলো জুলাইয়ে গণঅভ্যুত্থান। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিলো জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হলো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ অংশ।ছাত্র সংসদ গণতন্ত্রের ক্ষুদ্র প্রতিচ্ছবি।এর মাধ্যমে ছাত্ররা ভোটাধিকার, নির্বাচন ও প্রতিনিধি নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করে।কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) কোনো অনুগ্রহ নয়, বরং শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্বের প্ল্যাটফর্ম। কুকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচিত করবে, যারা তাদের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরবেন এবং সেই সাথে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন সমস্যা, খাবারের মান, পরিবহন ব্যাবস্থা,মানস্মত শিক্ষাসহ, স্বাস্থ্যসেবা ইত্যাদি নিশ্চিত করতে পারেনি। নির্বাচিত ছাত্রসংসদ এসব সমস্যা সমাধানে প্রশাসনের সাথে সরাসরি আলোচনায় বসতে পারবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা পালন করবে। এর মাধ্যামে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণ হওয়ার সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।
একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। কুকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নেতা নির্বাচিত হবে যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারবেন। এটি সুস্থ ও গঠনমূলক ছাত্র রাজনীতির দ্বার উন্মোচন করবে।
সম্প্রতি ঢাবি, রাবি, জাবি, চবি ইত্যাদি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের উদ্যেগ নেওয়া হয়েছে। এরই ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনেও তাদের অধিকার আদায়ের দাবি আরোও জোরালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব গঠন, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা পালনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মূলত, দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও অনির্বাচিত ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কুকসু নির্বাচন এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রাণের দাবি এবং সময়ের প্রয়োজন।
আল মাসুম হোসেন
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
01936725911

