বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

‘শেকড়ের গল্পের সন্ধানে’ কুবি’তে ফিচার লেখক সম্মেলন

Author

আল মাসুম হোসেন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ পাঠ: ৪৩ বার

‘শেকড়ের গল্পের সন্ধানে’ কুবি’তে ফিচার লেখক সম্মেলন

 

“ফিচার” শব্দের আভিধানিক অর্থ হলো বৈশিষ্ট্য,আদল অথবা গঠন। আর গতানুগতিক সংবাদ থেকে ভিন্ন, তথ্যবহুল, ভিন্নধর্মী প্রতিবেদনকে ফিচার বলা হয় অর্থাৎ বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন।এটি ধরনের লেখা, যার মাধ্যমে কোনো একটি বিষয় বা ঘটনার খুব গভীরে গিয়ে সেটি সম্পর্কে বিশদভাবে তথ্য তুলে আনা হয়।সংবাদ ছাড়া অন্য যে-কোনো বিষয়েই স্বতন্ত্র ফিচার হতে পারে। এসব ফিচারে অনেক সময় লেখকের অন্তর্দৃষ্টি ও ব্যক্তিগত মতামত চলে আসতে পারে।সাধারণত সংবাদ শুধু কী ঘটেছে তা জানায়, কিন্তু ফিচার কেন এবং কীভাবে ঘটেছে তা গভীরভাবে বিশ্লেষণ করে।ফিচার লেখা শুধু তথ্য দেয় না, বরং তা পাঠককে ভাবায়, অনুভব করায় এবং নতুন দৃষ্টিকোণ দেয়।সর্বোপরি পাঠকের সাথে লেখকের সংযোগ স্থাপন করে।

 

ফিচারের গুরুত্ব অনুধাবনেই “শিকড়ের গল্পের সন্ধানে” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন-২০২৫’। বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) সম্মিলিতভাবে আয়োজন করে এই সম্মেলনের।বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১২০ জন শিক্ষার্থী।সকাল ৮টা থেকেই রেজিষ্ট্রেশন, ৯টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

 

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও এফডব্লিউএবি’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ এবং আহ্বায়ক হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

 

সেমিনারের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, ‘কুবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি প্রাগৈতিহাসিক স্থাপত্যের উপর দাঁড়িয়ে।প্রাচীনকালের ইতিহাস ও ঐতিহ্যের গৌরব ধরে রাখা আমাদের সবার কর্তব্য।ফিচার লেখনীর মাধ্যমে জাতির সামনে ইতিহাস তুলে ধরা সম্ভব। তাই আমাদের শিক্ষার্থীরা যদি ভালো ট্রেনিং পায় তাহলে তারা ভালো ফিচার লেখক হয়ে উঠতে পারবে। এ লক্ষ্যেই মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন।’

 

সম্মেলনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ফিচার লেখক সম্মেলনের আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। এই আয়োজন সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকের এই সম্মেলনের মূল অংশগ্রহণকারী ফিচার লেখকদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল জুলাই বিপ্লবকে স্মরণ করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজনীতিবিদরা তাঁদের মতো করে কাজ করছেন, কিন্তু পরিচয় নির্মাণের দায়িত্ব বর্তায় ফিচার লেখকদের ও আমাদের মতো শিক্ষকদের ওপর।বিশ্ববিদ্যালয় এবং সংবাদমাধ্যম একে অপরের প্রাকৃতিক অংশীদার। আমরা মনে করি, জ্ঞানের প্রকৃত মূল্য তখনই হয়, যখন সেটা শ্রেণিকক্ষের চারদেয়ালে আটকে না থেকে সমাজে ছড়িয়ে পরে। এক্ষেত্রে আপনাদের লেখনীর অনুসন্ধান, গবেষণার বার্তা মানুষের কাছে পৌঁছে যায়।’

 

দিনজুড়ে চলা ছয়টি সেশনে ফিচার লেখার কৌশল, ভাষাশৈলী ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। ‘অনুসন্ধানী ফিচারের হাতেখড়ি’ বিষয়ে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব আলোকপাত করেন। তিনি তার সাংবাদিকতা জীবনে অনুসন্ধানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি ফিচার লেখনীর ধাপ ও রিসোর্স সম্পর্কে আলোচনা করেন। এরপরে কুবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা’র আলোচনায় ফুটে ওঠে “ফিচার লেখনীতে লিঙ্গীয় দৃষ্টিভঙ্গি”।তিনি বলেন মিডিয়ার মাধ্যমেই নারীদের উপর বিভিন্ন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যেমন গোলাপি রঙের ব্যাবহার, রান্নার কাজ ইত্যাদি। মূলত তার আলোচনায় ফুটে ওঠে লেখনীতে সমাজের সকল শ্রেণির মানুষকে সমান গুরুত্ব দেওয়া ও পিছিয়ে পড়া শ্রেণিকে সামনে এগিয়ে নিতে জেন্ডার বৈষম্যের দূরীকরণের উপায়।

 

তারপরেই “ফিচার সাংবাদিকতায় কাব্যিক ঝোঁক; ভাষা ও প্রাণ” এই প্রতিপাদ্যকে বিশ্লেষণ করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার। তিনি বলেন লেখনীতে কাব্যের শব্দ নতুন কিছু নয় তবে শব্দের গাথুনি এমন হবে না যেনো পাঠকেরা খুব সহজেই অনুধাবন করতে পারে।

 

সেন্টার ফর অ্যাডডান্স মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিকের আলোচনায় ফুটে ওঠে কিভাবে জুলাই বিপ্লবকে নিয়ে লিখা ফিচার ঐতিহাসিক দলিলে পরিণত হবে ভবিষ্যতে। তিনি বলেন জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি রোধ করতে আমাদের সবাইকে ফিচার লেখনীর দিকে মনোযোগী হতে হবে।

 

চ্যানেল-২৪ এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী তার আলোচনায় তুলে ধরেন টেলিভিশন সাংবাদিকতার বুনন ও তার পেছনের গল্প। তিনি টেলিভিশনের পর্দায় একজন সাংবাদিককে আমরা যেভাবে দেখি সেটা আসলে ঘটনার নির্যাস মাত্র। আসলে সংবাদ সংগ্রহ ও প্রকাশ এ দুইয়ের মাঝের গল্পই তিনি সবার সামনে প্রকাশ করেন।

 

সর্বশেষ আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজনের “আন্তর্জাতিক গণমাধ্যমে লেখক হওয়ার প্রস্তুতি” প্রসঙ্গে আলোচনার মাধ্যমে লেখক সম্মেলনের কর্মশালার ইতি ঘটে। তিনি প্রথমেই তার আল জাজিরাতে যোগ দেওয়ার গল্প বলেন এরপর একজন নবীন লেখক কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে তার লিখা প্রকাশ করতে পারেন তার প্রক্রিয়া বিস্তারিত আলোকপাত করেন।

 

ব্রিটিশ প্রকাশক আলফ্রেড হার্মসওয়ার্থ বা যিনি লর্ড নর্থক্লিফ নামে বেশি পরিচিত ছিলেন তার গলায় সুর মিলিয়ে বলতে চাই, “হার্ড নিউজ পাঠককে পত্রিকার দিকে আকৃষ্ট করে, কিন্তু ফিচার পাঠককে পত্রিকাটিতে ধরে রাখে”।

 

আল মাসুম হোসেন

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

01936725911

masumalhasan210@gmail.com

লেখক: সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!