গোবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা: ঈদ হোক আনন্দের, ভ্রাতৃত্বের ও সম্প্রীতির

ঈদ, ছুটি ও সালামির গল্প
ছুটি মানেই কেবল ক্যালেন্ডারের কয়েকটা লাল দিন নয়; বরং এটি হলো পড়াশোনা, পরীক্ষা এবং শহরের যান্ত্রিক ব্যস্ততা থেকে এক চিলতে মুক্তি। ছুটি মানেই শেকড়ের টানে বাড়ি ফেরার এক রোমাঞ্চকর যাত্রা। আর তা যদি ঈদের ছুটি, তবে সেই আনন্দের মাত্রা ছাড়িয়ে যায় অন্য সব ছুটির আনন্দকে। তাছাড়া-ও, শৈশবে ঈদের মূল আকর্ষণ ছিল নতুন পোশাক এবং বড়দের সালাম করে চকচকে নোটের ‘সালামি’ আদায় করা। ঈদের দিন সকাল থেকেই চলত কে কত বেশি সালামি সংগ্রহ করতে পারে তার নীরব প্রতিযোগিতা। সংগৃহীত সেই টাকা কখনো সযতনে নিজের ব্যাগে রাখা হতো, আবার কখনো মায়েদের কাছে ‘আমানত’ হিসেবে জমা দেওয়া হতো, যা পরে আর কোনোদিনই ফেরত পাওয়া যেত না। কিন্তু সেই হারানোর মধ্যেও ছিল এক অদ্ভুত তৃপ্তি। সময়ের পরিবর্তনের সাথে সাথে সালামি দেওয়ার পদ্ধতিতে এসেছে ডিজিটাল ছোঁয়া। সালামি পাওয়ার সেই আনন্দ এখন সালামি দেওয়ার তৃপ্তিতে রূপান্তরিত হয়েছে।
মোঃ ইমন হোসেন,
আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

