বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

অঙ্ক

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ৮০ বার

কেউ আমাকে মুহূর্তেই বুঝে নেয়,

আবার কারও লাগে এক যুগ।

 

আমি যখন চুপ থাকি,

সবসময় তা মৌন সম্মতি নয়।

আমি যখন হাসি,

সে হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে

গভীর অভিমান, তীব্র ঘৃণা।

 

আমি হয়তো বলেছি— “এটা করবো না”,

শুধু দেখতে চেয়েছি,

আমার অস্বীকারে তোমার কেমন লাগে!

অথচ, ঠিক তখনই প্রস্তুতি নিচ্ছিলাম আমি।

 

আবার যখন স্পষ্টভাবে ‘না’ বলি,

সেটাকে ‘হ্যাঁ’ বানানোর সাধ্য কারও নেই।

আমি একগুঁয়ে,

নিজের মনের বিরুদ্ধে যেতে পারি না— তাই।

 

কেউ আমাকে মুহূর্তেই বুঝে নেয়,

আবার কারও লাগে এক যুগ।

 

মাঝেমাঝে আমি কাঁদি,

চিৎকার করি— নিঃশব্দে।

মানুষ বোঝে না, শোনেও না,

চোখের কোণে জল তো হঠাৎ আসে না!

 

অনেক সময় কষ্ট দিই,

অথচ ইচ্ছে করে না একটুও।

তবে সেটা আর বোঝাতে মন চায় না,

আমি বড়ো অলস, তাই না?

হা হা হা…

 

আমি যা ভালোবাসি, ভালোবাসি নিখাদভাবে,

আমাকে অমনোযোগী ভাবতে পারো,

কিন্তু আমি তা নই।

এজন্যই বলি—

কেউ আমাকে মুহূর্তেই বুঝে নেয়,

আবার কারও লাগে এক যুগ।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!