উমর ফারুক (রা.)
অর্ধ জাহানের বাদশা ছিলে, তবে বোঝা বড় দায়;
খেজুরপাতার আসনে রয়ে আল্লাহকে সদা চায়।
পড়নে তোমার পুরোনো জামা, মাথায় ভার মস্ত;
তবুও তুমি পড়নি নুয়ে, হাল ধরেছিলে আস্ত।
তব মরুর বাহন যদি যেত কভু হারিয়ে,
ভৃত্য নয়, নিজ কাজে নিজ হাত দিতে বাড়িয়ে।
বিছানা-বালিশ জোটেনি তোমার, ঘুমিয়েছ গাছতলায়;
প্রখর রৌদ্রে জোটেনি ছাতা তব পথচলায়।
রাত্রিবেলায় ঘুমের ঘোরে না থেকে হাঁটতে মরুর তরে,
যদি মানুষের চাওয়া-পাওয়ার কষ্টগুলো চোখে পড়ে।
ইতিহাসের পাতায় দেখেছি, বস্তা কাঁধে পাড়ি দিয়েছ পথ;
যদিও ছিল ভৃত্য অনেক, যদিও ছিল রথ।
সত্যকে পেয়ে তুমি করেছিলে মিথ্যা পরিহার;
প্রিয় নবীজি ফারুক উপাধি দিলেন তাই তোমার।
মক্কা-মদিনায় ছিল না কেউ দাঁড়ায় তব সম্মুখে;
আসছে উমর শুনলে সবাই তাকাত শঙ্কিত চোখে।
নবীর বাণীতে শুনেছি, শয়তান যদি দেখে তোমায়,
ভয়ে দ্রুত পথ বদলে হয়তো স্বস্তি পায়।
তাই বুঝি বলেছিলেন শেষ পয়গম্বর—
আমার পরে নবীর যোগ্যতা রাখে সে উমর।
মম উম্মতের ঈমানি জোব্বা নয় কারো পূর্ণ,
তবে স্বপ্নে দেখেছি উমরের গায় জোব্বা সুবর্ণ।
