বৃত্তের বাইরে

একবার আমি বৃত্তের বাইরে গিয়েছিলাম।
সেই থেকে এক মর্মন্তুদ শাস্তি বয়ে বেড়াচ্ছি।
হায়াত যদি কিয়ামত পর্যন্তও দীর্ঘ হতো,
তবুও বুঝি এই দণ্ডের অবসান নেই।
অথচ দেখি— হরহামেশাই মানুষ বৃত্তের
ব্যাসার্ধ অতিক্রম করে।
তারা তো হাসিমুখে দিব্যি বেঁচে আছে।
তবে কেন কেবল আমার আত্মাই
এক তীব্র অনুশোচনায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে?
ইচ্ছে হয় বাতাসের সাথে মিশে যাই,
আগুনে পুড়ে ধোঁয়ায় মিলিয়ে যাই।
ইচ্ছে হয় প্রশান্ত মহাসাগরের অতলে তলিয়ে যাই,
বড্ড ইচ্ছে হয় মেঘ থেকে সাহারায় ঝরে পড়ি,
বিশাল সেই মরুর বুকে বিলীন হয়ে যাই।
তবু পরক্ষণেই মনে হয়—
দাঁড়িয়ে থাকি না, ওহুদ পাহাড়ের মতো অনড়-অটল।
যদি না ভুলক্রমে বৃত্তই অতিক্রম করি,
স্রষ্টার সাথে সখ্যতা হবে কীভাবে?
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

