অজ্ঞাত প্রিয়তমা

আজ এই রাতে,
অজ্ঞাত প্রেমের তরে স্নিগ্ধ পেয়ালায়,
আকাশের নিস্তব্ধতা আনি, উল্কার আলো,
বকুলের সুঘ্রাণ– আমার ঝরোকায়।
এখন যদি হাজার রাতের অন্ধকার নেমে আসে,
সে তো উচ্ছ্বাসে
মুহূর্তকালে বিলীন হয়।
দীপ্তি প্রান্তরে, প্রান্তরপারে,
অজ্ঞাতেই যে দেখেছি তোমারে।
কী করে?
তুমি তো আমার কবিতা, আমার শব্দের প্রতিচ্ছবি।
মনের অলিন্দে, বাতায়নে, আমার ছন্দের নৃত্যে
তোমার বিকাশ উষার আলোয়।
তোমাকে ছুঁতে চেয়ে,
তোমারই নাম লিখি তমসার কোলাজে।
প্রতিটি অক্ষর– তুমিই তো,
তোমার ছায়ায় শব্দেরা লুকায়।
কবিতায় জেগে থাকা মৌন গানের সুরে
কেবল তোমারই স্পর্শ মেলে,
দৃশ্য-অনুভবের প্রতীক্ষায়।
তুমি আছো, তোমারই মতো–
অনামিক, অবর্ণনীয়।
তবু প্রতিটি মুহূর্তে,
তুমি আমার হৃদয়ের আকাশে লিখে যাও কবিতা।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

