বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

নির্বেদ

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ পাঠ: ৫৬ বার

ভুল আমাকে অপাত্র বানিয়েছে,

তাই খোদা অনেক মূল্যবান কিছু

আমায় দেননি।

এই মোহের জগতে ঈর্ষণীয়

কিছু ব্যাপার তো আছেই।

নাহ, আমি হিংসুক নই।

আমি এতটাও বোকা নই যে

খোদার বিরুদ্ধে অভিযোগ তুলবো।

আমি কেবল আমার ভুলের কথাই বলছি—

যেই ভুল আমার প্রাপ্তিকে

অন্য কারোর করে দিয়েছে।

 

জানেন,

মাঝেমাঝে মনটা নাইল রিভারের মতো

ভীষণ শান্ত হয়ে যায়।

ভবিষ্যৎ তখন অস্পষ্ট হয়ে ওঠে।

ছটফট করে আত্মা,

অতীতে ফিরে গিয়ে হাহাকার করে।

খোদা, আমি কি তোমার প্রিয় নই?

কেবল স্বাধীনতাই দিলে?

অবাধ্য এই নফস যে

স্বাধীনতার মানে বোঝে না।

সহসাই তোমার সাথে বেঈমানি করে।

রুদ্ধ করো।

আর কোনো ভুলের যন্ত্রণায়

ভুগতে চাই না।

 

শুনেছি, মাইগ্রেনের ব্যথা সবচেয়ে তীব্র।

ভুল শুনেছি– তারা অনুভূতিহীন।

ভুলের ব্যথা যে হাড়ের মাঝেও ফাটল ধরায়।

মনে হয় চূর্ণবিচূর্ণ হয়ে

মাংস ভেদ করে বেরিয়ে আসবে।

তবু আমি জানি, আমি ক্ষমা পেয়েছি।

কিন্তু স্মৃতিভ্রমই কি একমাত্র নিরাময়?

নাকি অন্য কিছু? তুমিই ভালো জানো।

আচ্ছা, আমি চেয়ে নেই।

মূল্যবান কিছু চাইবো না।

একবিন্দু শিশির চাই—

হেদায়েতের এক বিন্দু শিশির।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!