শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

মোনাজাত

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১ জুন ২০২৬ পাঠ: ১৪ বার

যখন চিরঘুম থেকে জাগি,

জেগে দেখি হাশরের ময়দান।

প্রভু! তুমি আর আমি মুখোমুখি,

পাপী বলে করো না অপমান।

 

বিভীষিকাময় সেদিনের আঁধার

যদি মোরে করে গ্রাস,

আলোকচ্ছটায় ভরিয়ে দিও,

সান্ত্বনা দিও যবে হাহুতাশ।

 

এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র যেন

মৃদু মৃদু জ্বলে আমার ‘পর।

হাউজে কাউসার জলের নহর

তৃষ্ণা মেটাক এ আত্মার।

 

ছলছল জল চোখে মাগি

প্রিয় নবীজির (সা.) শাফাআত।

করুণা-ভিখারিরে করো করুণা,

দাও স্বর্গের আবেহায়াত।

 

প্রজাপতি করো মোরে, রঙিন ডানাওয়ালা,

উড়ি-ঘুরি আরশের ‘পরে।

মুখোমুখি যখন তুমি আর আমি,

ক্ষমিয়া অপরাধ, লুটাই তব তরে।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!