বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

ঈদ আহ্বান

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ১৬২ বার

ঈদ আসুক,

আবার ঈদ আসুক তার আনন্দের পূর্ণ আধিপত্য নিয়ে।

আমি খোলাফায়ে রাশেদার ঈদের কথা বলছি।

উনচল্লিশ হিজরির পর কি আর কোথাও

হাসিমুখ নিয়ে শাওয়ালের চাঁদ উঠেছিল?

 

ঈদ আসুক,

আবার ঈদ আসুক আমার বার্মার ভাইয়ের ঘরে;

সেই রোহিঙ্গা ভাইয়ের ঘরে, যার তাজা লোহুতে

আমি আমীর হামজার গন্ধ পাই।

ছিন্নমূল সেই মুসলিমের তরে পৃথিবীর সব শান্তি বর্ষিত হোক।

 

ঈদ আসুক,

আবার ঈদ আসুক প্যালেস্টাইনের বুকে।

আকসার গা থেকে অভিশপ্ত ইবলিশের চিহ্ন মুছে যাক।

অনাহারে থাকা সেই মজলুমের আর্তনাদ সাত আসমান

ছেড়ে যাওয়ার আগেই কবুল হোক।

 

ঈদ আসুক,

আবার ঈদ আসুক উইঘুরের ধর্ষিতা বোনের জীবনে।

বর্বরতা, অমানবিকতা, মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘনে

যেখানে আকাশে-বাতাসে হাহাকার শুনি—

মহাকাশের জ্বলজ্বলে তারারা বসন্তের ফুল হয়ে ঝরুক।

 

ঈদ আসুক,

আবার ঈদ আসুক সিরিয়া, লেবানন, চেচনিয়া, বসনিয়ায়।

“আমি আল্লাহকে বলে দেবো”– এমন আক্ষেপ নিয়ে

আর কোনো শিশুর মৃত্যু না হোক।

বোমার শব্দে ভাঙা ঘুমের বদলে পাখি ডাকুক।

ঈদ আসুক,

আবার ঈদ আসুক আমার প্রিয় পিতৃভূমি এ বাংলায়।

বাবা হারানো প্রতিটি সন্তান, আর সন্তান হারানো

প্রতিটি বাবা-মায়ের আত্মায় ঈদ নেমে আসুক।

আরেকবার, আরশে আজিম হতে ঈদ নাজিল হোক।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!